বাচ্চাকে কথা বলানো শেখানোর কিছু নিয়ম
১. বাচ্চার সঙ্গে প্রচুর কথা বলতে হবে। সেটা ছড়া হোক বা গান, ভালো হয় ছবির বই দেখিয়ে একই শব্দ দিয়ে তিন-চার রকমের বাক্য বললে। যেমন, বল নিয়ে তিন চারটা বাক্য বললে ‘বল’ শব্দটা বাচ্চার মাথায় ঢুকে গেল।
২. কখনোই টিভি, ট্যাব, কম্পিউটার দেখিয়ে বাচ্চাকে খাওয়াবেন না বা দীর্ঘ সময় ধরে দেখতে দেবেন না। তাতে বাচ্চার মনোযোগ নষ্ট হয় খাবারে, পর্যাপ্ত পুষ্টি ও বুদ্ধি হয় না।
৩. বাচ্চার সঙ্গে যখন কথা বলবেন, এমন বাক্য কখনোই বলবেন না, যার উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। যেমন, ‘তুমি কি ভাত খাবে?’ না বলে বলতে হবে, ‘তুমি কী খেতে চাও?’
৪. বাচ্চা যদি ইশারায় কিছু চায় তাহলে তা না শোনা বা না বোঝার ভান করবেন। মুখে কথা বলাকে উৎসাহিত করবেন।
৫. বাচ্চাকে তার আশপাশের ব্যবহৃত জিনিসগুলোর নাম ও কাজ শেখাবেন। ছবির বই দিয়ে ফুল, ফল, মাছ, পশু প্রভৃতির নাম শেখাবেন তথা তার শব্দভাণ্ডার বাড়াবেন। কখনও কিছু জানতে চাইলে তাকে নিরুৎসাহিত করবেন না।
৬. বাচ্চাকে অবশ্যই অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে দেবেন। আশপাশের বাচ্চাদের সঙ্গে মিশতে দিলে বাচ্চার যোগাযোগের মাধ্যম হিসেবে কথা বলা বৃদ্ধি পাবে। বাচ্চা আছে এমন বাসা বা পার্কে খেলতে নিয়ে যাবেন মাঝেমধ্যে।
৭. এরপরও কথা বলা নিয়ে সমস্যা হলে, ডাক্তারের পরামর্শ নিন, বাচ্চার কান পরীক্ষা করে দেখতে হবে সে কানে শোনে কি না বা অন্য কোনো ত্রুটি আছে কি না।
কাজেই বাচ্চা কথা না বললে অবশ্যই তা গুরুত্বসহকারে সমাধানে উদ্যোগী হোন। কথা না বলার কারণটি অনুসন্ধান করুন।
Md.Rafiqul Islam Lipu,Date:-19-09-2026,Saturday,Time:-06-04-35 Pm